সিনিয়র সাংবাদিক, কলামিস্ট এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান প্রশ্ন তুলেছেন, শেখ হাসিনার আমলে বাংলাদেশ কতটুকু স্বাধীন ছিল এবং কার স্বার্থে তিনি ক্ষমতায় ছিলেন। গুম কমিশনের রিপোর্ট প্রকাশের পর ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন প্রশ্ন উত্থাপন করেন।
তার পোস্টে তিনি গুম কমিশনের রিপোর্টে উল্লেখিত ভয়াবহ ঘটনাগুলোর বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, ‘‘গুম কমিশনের রিপোর্টের খানিকটা প্রকাশিত হয়েছে। লোমহর্ষক সেই বিবরণ পড়ে মনে হয় হাসিনা রেজিমের পৈশাচিকতা গেস্টাপো ও সাভাকের মতো ঘৃণ্য বাহিনীগুলোর চাইতে কোনো অংশে কম ছিল না।’’
তিনি আরও উল্লেখ করেন, ‘‘হাসিনার অনুগত ঘাতক বাহিনীগুলো তার অনুমোদনে এই অপহরণ, গুম, খুন ও নির্যাতন চালালেও, এসব অপকর্মের পরিকল্পনা ও নির্দেশনায় ছিল ভারতীয়দের ভূমিকা।’’
মারুফ কামাল খান বিজয় দিবস উপলক্ষে তার পোস্টে প্রশ্ন করেন, ‘‘হাসিনা রেজিমে কতটুকু স্বাধীন ছিল বাংলাদেশ? কার হয়ে, কার স্বার্থে হাসিনা ক্ষমতায় ছিলেন এবং সব হত্যাযজ্ঞ ও জুলুম-নির্যাতন চালিয়ে গেছেন?’’
তার পোস্টে সাম্প্রতিক অর্থনৈতিক বাস্তবতা নিয়েও ইঙ্গিত করে বলেন, ‘‘ওই প্রশ্নের চেয়ে আজ আলুর দামের প্রশ্ন কি বেশি গুরুত্বপূর্ণ?’’
গুম কমিশনের রিপোর্ট এবং মারুফ কামালের এ মন্তব্য দেশব্যাপী তীব্র আলোচনা ও বিতর্কের সৃষ্টি করেছে।
0 মন্তব্যসমূহ